নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য একরামুল বারী টিপু।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া নোটিশে তিনি এ দাবি জানান। এসময় সংসদের সভাপতিত্ব করে ডেপুটি স্পিকার কায়সার কামাল।
নোটিশে একরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ গণতন্ত্র হরণ করার পর দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তাকে দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে খালেদা জিয়া দেশে সংসদীয় ব্যবস্থা চালু করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
একরামুল বারী টিপু বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার এসব অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
টিপু আরও বলেন, বিগত স্বৈরশাসনের সময়ে বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে। তাই ইতিহাসকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত।
এমএইচএইচ/এএইচ