Dhaka Mail Logo

জাতীয়

রাস্তার ওপর বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

রাস্তার ওপর বা এসটিএসের বাইরে বর্জ্য ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে নবনির্মিত একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত এসটিএসের ভেতরে বর্জ্য না ফেলে রাস্তার ওপর বা বাইরে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ৩ হাজার ১৫০ বর্গফুট আয়তনের এবং ১০০ ফুট দীর্ঘ এই পরিবেশবান্ধব এসটিএসটি দ্রুততম সময়ে নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে পার্শ্ববর্তী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ এবং ভোগান্তি কমবে।

শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা চাই না চলার পথে রাস্তায় এলোমেলোভাবে ময়লা পড়ে থাকুক বা মানুষ দুর্গন্ধে কষ্ট পাক। প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে আধুনিক ও দৃষ্টিনন্দন এসটিএস নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছি। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে সঠিক কাঠামোর মধ্যে এনে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা তুলে ধরে প্রশাসক বলেন, দিনের পর দিন বর্জ্য জমিয়ে পাহাড় তৈরি না করে সেগুলোকে সম্পদে রূপান্তর করতে চায় ডিএনসিসি। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

ভ্যান সার্ভিস কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য কোনোভাবেই রাস্তার ওপর রাখা যাবে না। ভ্যানগাড়ি সরাসরি এসটিএসের ভেতরে নিয়ে বর্জ্য ফেলতে হবে। 

পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে প্রতিদিন এসটিএসের ভেতরে ও সামনের অংশ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে এবং ব্লিচিং পাউডার ছিটাতে নির্দেশ দেন তিনি। এসব নির্দেশনার ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রশাসক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রতি শনিবার ডিএনসিসি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এম/এএইচ