Dhaka Mail Logo

জাতীয়

বাংলাদেশে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

বাংলাদেশে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও বড় অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। 

দুই দেশের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’ শীর্ষক খাদ্য প্রদর্শনীতে এ আগ্রহের কথা জানায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ প্রদর্শনীতে উৎকৃষ্টমানের মার্কিন গরুর মাংসসহ বিভিন্ন কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের গুণগত মান, বৈচিত্র্য এবং বাংলাদেশের বাজারে এসব পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরা হয়। এর মাধ্যমে এসব পণ্যের ব্যবহারিক ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বক্তব্য দেন। এ আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের বাজারে মার্কিন খাদ্যপণ্যের পরিচিতি বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মার্কিন খাদ্য উপকরণ ব্যবহার করে কাপকেক তৈরির প্রতিযোগিতা। এতে রান্না ও খাদ্য প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকরণের বহুমুখী ব্যবহার তুলে ধরা হয়।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি এতে সরাসরি সংগীত পরিবেশনারও আয়োজন ছিল।

এ আয়োজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং খাদ্য ও আতিথেয়তা খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এএইচ