Dhaka Mail Logo

জাতীয়

বর্ষার আগে খাল উদ্ধার ও পুনঃখননে নামছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

বর্ষা মৌসুমে নগরীর কোথাও যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে শুকনো মৌসুমেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব খাল উদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ কথা জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর ডেমরায় কোনাপাড়া ব্রিজসংলগ্ন খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় নগরবাসীকে খালে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি। পাশাপাশি খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

ফ্যাসিবাদী সরকারের দেশে ফেরার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই, বর্ডারের কাছে এলেই পুলিশ গিয়ে নিয়ে আসবে।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের পর সেগুলো যেন আবার অবৈধভাবে দখল না হয় এবং কেউ যেন খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খাল পরিষ্কারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে স্থানীয়ভাবে তা তদারকি করে সিটি করপোরেশনকে জানানোর আহ্বানও জানান তিনি।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, কোনাপাড়া-কদমতলা খালটি ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ। প্রায় দুই মাসের এ কর্মসূচিতে খালটি থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। খালটির পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই লাখ মানুষ উপকৃত হবেন।

প্রসঙ্গত, ডিএসসিসির অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বাকি চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

এম/এআর