Dhaka Mail Logo

জাতীয়

শুধু বাণিজ্য নয়, চা শ্রমিকদের অধিকারও নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে নতুন বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি, শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, নতুন টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে শ্রমিকদের অধিকার ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের কার্যালয়ে যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান অধ্যাপক শেখ আলিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। এতে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চা শ্রমিকদের অনেকেই এখনো শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন কোনো টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৈঠকে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তাঁরা দেশটির জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উৎসাহের সঙ্গে অংশ নেন। সংগীত ও গানের পরিবেশনার মাধ্যমে পর্তুগালের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন তাঁরা। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে শেখ আলিউর রহমান বলেন, দুই দেশের পুরোনো ও ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তাঁরা আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশের চায়ের গুণগত মান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিক বাজারে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল টি এস্টেট স্থাপনের বিষয়ে তাঁদের আগ্রহের কথাও জানান তিনি। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে মডেল টি এস্টেট স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

এমএইচএইচ/এআর