নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
দেশের প্রায় সোয়া চার হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরু হবে। এর আগে ডিসেম্বরের শুরুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সারতে চায় ইসি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ধাপভিত্তিক ইউনিয়নের নির্দিষ্ট তালিকা।
তিনি জানান, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ সময়ের ৫০ দিন আগে-পরে প্রথম ধাপের নির্বাচন আয়োজন করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
আরও পড়ুন
‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’
এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল ইসি
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না, সেগুলো পরবর্তী সময়ে এ ধাপে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।
ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করতে চায় কমিশন।
সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে আলোচনা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে সংলাপ করা হবে। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে আলোচনা হবে।
জেবি