Dhaka Mail Logo

জাতীয়

বিজয় দিবসে দেশজুড়ে কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরার আওতায় থাকবে স্মৃতিসৌধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে সিসি ও আইপি ক্যামেরার আওতায় এনে সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে যুক্ত রাখা হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকা এবং প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে।

সভায় বিজয় দিবস উদযাপন ঘিরে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রতিটি অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিইউ/এসআই