Dhaka Mail Logo

জাতীয়

সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যে চিফ হুইপসহ ৯ এমপি

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার এবং আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যুক্তরাজ্য সফরে গেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ ৯ সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। 

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে এ সফর করছেন তারা।

জাতীয় সংসদ সচিবালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। অন্য সদস্যরা হলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। 

সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ বি এম রওশন কবীর।

সংসদ সচিবালয় জানায়, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে এ সফর অনুষ্ঠিত হবে। সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি সংসদীয় কমিটি ব্যবস্থা, আধুনিক আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি কার্যক্রম নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন উভয় দেশের প্রতিনিধিরা।

এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংসদ সচিবালয়।

এমআর/এআরএম