নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এনআইডির স্মার্ট প্রিন্ট জটিলতা কাটাতে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের ১৪ তম সভা শুরু হয়।
সভায় নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসি সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, আজ সভায় স্থানীয় সরকার পরিষদের নির্বাচন ও এনআইডি কার্ড পার্সোনালাইজেশনসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
এর আগে, ইসির সচিব আখতার আহমেদ বলেছিলেন, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদনের কিছু প্রসাশনিক ও কারিগরি বিষয়।
ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ধাপে এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এমএইচএইচ/