Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।

এসআই হাসান আলী আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এমআর