১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে চাঁদা না পেয়ে দুই কর্মচারীকে দুর্বৃত্তরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন— হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী।
ঢাকা মেডিকেলে প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে।
হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএমআর/এফএ