নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
জাতীয় সংসদে এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল সোমবার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে নুসরাত তাবাসসুম তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রীর আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, তদন্ত চলাকালে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
অবিলম্বে হামলার ঘটনার প্রতিকার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তার এ বক্তব্যের জবাব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় ওই অগ্নিকাণ্ড ঘটে। পরদিন ১২ ডিসেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ এই বিষয় উত্থাপন করলে তার প্রেক্ষিতে একটি তথ্যবহুল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ঘটনার দিন সকালেই ফায়ার সার্ভিসের ডিজি, বিজিবির ডিজি, এসপি এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে বিজিবির মেজর পদমর্যাদার কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সেই তদন্ত দলের কপি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্টদের ফরোয়ার্ড করা হয়েছিল এবং তাদের শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দেওয়া হয়েছিল। আজ রোববার তদন্তের মেয়াদ শেষ হচ্ছে এবং আগামীকাল (সোমবার) তারা তদন্ত রিপোর্ট জমা দেবে।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, তিনি সেদিন যা বলেছিলেন তা ছিল প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্টরা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত দেখতে পাননি এবং শর্ট সার্কিট হতে পারে বলেও ধারণা করা হয়েছিল। তবে তিনি কোনো চূড়ান্ত বা কনক্লুসিভ মন্তব্য করেননি এবং তদন্ত শেষ হওয়ার পরেই যে কথা বলা সম্ভব, তা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন।
ভিডিও ফুটেজ ও মামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য এবং পাশাপাশি গরু থাকার কথাও তিনি শুনেছেন। বাড়ি থেকে মানুষ বের হয়নি; এমন কথা তিনি কখনো অস্বীকার করেননি। পরে তিনিও ভিডিওটি দেখেছেন, যেখানে একজন মহিলা তার শিশু সন্তান কোলে নিয়ে বেরিয়ে আসছিলেন। এগুলো সবই তদন্তের বিষয়।
এ ছাড়া ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানান তিনি। টেলিফোনে হুমকির বিষয়ে কলাবাগান থানায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্তকরণে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।
‘তদন্ত প্রভাবিত করা’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমি বা এই মহান সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার জন্য কোনো স্টেটমেন্ট দিতে পারেন না। যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জানমালের ওপর হামলা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিয়ে রুলিং দিয়ে বলেন, সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে, এটি কোনো অসংসদীয় কথা নয়। স্বরাষ্ট্র মন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন, তাই ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে হবে। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধারণের আহ্বান জানাই।
এমএইচএইচ/এফএ