জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
রাজধানীর আজিমপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২), মো. মফিজুল ইসলাম (৫০), মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের সদস্য।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন। পরদিন সোহরাব হোসেনের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয়দের সহায়তায় তাঁদের গ্রেফতার করা হয়।
এদিকে, শনিবার মধ্যরাতে লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)।
পুলিশ জানায়, মাসুম লালবাগ থানার সক্রিয় যুবলীগ সদস্য এবং ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন শান্টুর সহযোগী। হৃদয় হাসান কামরাঙ্গীরচর থানার সক্রিয় যুবলীগ সদস্য।
গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআইকে/এআর