Dhaka Mail Logo

জাতীয়

জলবায়ু তহবিলে কোটি কোটি ডলার, উপকূলবাসীর সুফল কোথায়?

একে সালমান

১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

  • ‎ক্ষতিগ্রস্তদের সুবিধাপ্রাপ্তি নিয়ে রয়েছে প্রশ্ন
  • অনুদানের বদলে ঋণ, বাড়ছে বাংলাদেশের দায়
  • প্রকল্পের ছড়াছড়ি, উপকূলবাসীর স্থায়ী নিরাপত্তা কোথায়?
  • বেড়িবাঁধ নয়, দরকার নিরাপদ আবাসন ও বিকল্প জীবিকা
  • বাঘের আক্রমণে নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসন কতদূর?

‎জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ অর্থায়ন পাচ্ছে। উপকূলীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস, নিরাপদ আবাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই নেওয়া হচ্ছে নানা অভিযোজন প্রকল্প। তবে এসব প্রকল্পের সুফল কতটা পৌঁছাচ্ছে প্রকৃত ঝুঁকিতে থাকা মানুষের কাছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যাদের প্রতিদিনের জীবন জোয়ারের পানি, জলোচ্ছ্বাস, নদীভাঙন কিংবা বাঘের আক্রমণের শঙ্কায় কাটে, জলবায়ু অভিযোজনের নামে আসা বিপুল অর্থায়নে তাদের জীবনে কতটা পরিবর্তন আসছে? নাকি এসব তহবিলের সুবিধা পৌঁছাচ্ছে অন্য কোনো গোষ্ঠীর কাছে?

‎উপকূলের বাস্তবতা বলছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দরিদ্র জেলে, কৃষক, বনজীবী ও নদীভাঙনে সর্বস্বান্ত পরিবারগুলো। অথচ তাদের অনেকের কাছেই অভিযোজন প্রকল্পের সুফল পৌঁছানোর বিষয়টি এখনো অনিশ্চিত। কোথাও বেড়িবাঁধ নির্মাণ, কোথাও অবকাঠামো উন্নয়ন, আবার কোথাও প্রশিক্ষণ ও জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন হলেও দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোর মতো স্থায়ী নিরাপত্তা পাচ্ছেন না বহু পরিবার।

‎সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন নিত্যদিনের বাস্তবতা। কোথাও লবণাক্ত পানিতে নষ্ট হচ্ছে কৃষিজমি, কোথাও ভাঙছে বেড়িবাঁধ, আবার কোথাও সুপেয় পানির সংকটে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে নারীদের। সুন্দরবনসংলগ্ন এলাকায় জীবিকার তাগিদে বনে গিয়ে বাঘের আক্রমণের শিকার হচ্ছেন বনজীবীরা। দুর্যোগে ঘরবাড়ি হারানো অনেক পরিবার নতুন করে জীবন শুরু করার মতো সামর্থ্য হারিয়েছে।

আরও পড়ুন

কপ৩১ সম্মেলন ও আমাদের প্রত্যাশা

‎অন্যদিকে, এসব এলাকার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু অভিযোজন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বরাদ্দ হচ্ছে কোটি কোটি ডলার। কিন্তু প্রকল্পের অর্থ ব্যয়ের পর কতটি পরিবার স্থায়ী আবাসন পেয়েছে, কতজন বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং কতজন দুর্যোগের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পেরেছে,সেই প্রশ্নের জবাব খুঁজছেন উপকূলের মানুষ।

‎তহবিলের নামে ঋণের বোঝা

‎জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে অনুদানের পরিবর্তে ঋণনির্ভর অর্থায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের প্রয়োজন ছিল সহজ শর্তে অনুদান ও ক্ষতিপূরণমূলক অর্থায়ন। কিন্তু ঋণনির্ভর অর্থায়ন বাড়লে শেষ পর্যন্ত সেই অর্থ পরিশোধের দায় এসে পড়ে রাষ্ট্রের ওপর, যার প্রভাব পরোক্ষভাবে সাধারণ মানুষের ওপর পড়তে পারে।

জলবায়ু সম্মেলনে সক্রিয়ভাবে অংশ নেয় বাংলাদেশ। ছবি: সংগৃহীত
জলবায়ু সম্মেলনে সক্রিয়ভাবে অংশ নেয় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া ‎শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রাবেয়া বেগম ঢাকা মেইলকে বলেন, ‘আমরা প্রতি বছর জলবায়ু সম্মেলনে অংশ নিই এবং সেখানে কী ধরনের অগ্রগতি হচ্ছে, তা জানার চেষ্টা করি। কিন্তু জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর যে পরিমাণ ও ধরনের সহায়তা পাওয়ার কথা, তা আমরা পাচ্ছি না। আমাদের প্রয়োজনের তুলনায় প্রাপ্ত সহায়তার পরিমাণ ১০ শতাংশও নয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, আমরা যে অর্থায়ন পাই, তার ৮৬ শতাংশই ঋণ হিসেবে আসে। অথচ এসব অর্থ শতভাগ অনুদান হিসেবে পাওয়ার কথা। এর বিপরীতে অনুদান হিসেবে পাই মাত্র ৭ শতাংশ এবং বাকি ৭ শতাংশ আসে অন্যান্য উৎস থেকে।’

রাবেয়া বেগম বলেন, ‘এভাবে ঋণনির্ভর অর্থায়নের ফলে আমাদের ঋণের বোঝা আরও বাড়ছে। অথচ এসব অর্থ অনুদান হিসেবে পাওয়া গেলে তা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগানো সম্ভব হতো। আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও সম্মেলনে এসব বিষয় তুলে ধরছি। কিন্তু বড় দূষণকারী দেশগুলো ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে ইতিবাচক সাড়া দিচ্ছে না। তারা নিজেদের দায় স্বীকার করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করে বিষয়টি এড়িয়ে যেতে চাইছে।’

রাবেয়া বেগম আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো দীর্ঘদিন ধরে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষতির বাইরেও যেসব অপূরণীয় ক্ষতি হয়, সেগুলোকে আমরা নন-ইকোনমিক লস হিসেবে তুলে ধরছি। দুর্যোগে যেসব পরিবার ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাদের ক্ষতি অনেক সময় অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। এসব ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে অনুদানভিত্তিক সহায়তা জরুরি। এ বিষয়গুলো নিয়েই আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আন্তর্জাতিক পরিসরে দাবি জানিয়ে আসছি।’

এবারের জলবায়ু সম্মেলনে ৩০ মিলিয়ন ডলারের অনুদানের যে ঘোষণা এসেছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। রাবেয়া বেগম বলেন, ‘এই অর্থ বাংলাদেশ কতটা পাবে, কবে পাবে তা এখনো স্পষ্ট নয়। আদৌ প্রতিশ্রুত অর্থ দেওয়া হবে কি না, তা নিয়েও আমরা শঙ্কিত। আর যদি এই অর্থ অনুদানের পরিবর্তে ঋণ হিসেবে দেওয়া হয়, তাহলে আমি মনে করি, বাংলাদেশের সেই ঋণের প্রয়োজন নেই।’

আরও পড়ুন

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

জলবায়ু তহবিলের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোও বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাবেয়া বেগম। তার ভাষ্য, ‘আমরা শুনেছি, জলবায়ু তহবিলের অর্থ দিয়ে কোনো কোনো জেলায় পার্ক, কোথাও গণশৌচাগার, আবার কোথাও হাসপাতাল নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের জলবায়ু তহবিলের অর্থ এমনিতেই সীমিত। এই অর্থ সাধারণ অবকাঠামো নির্মাণে ব্যয় করা হলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তা কতটা কাজে আসবে, সে প্রশ্ন থেকে যায়। আমরা চাই, নতুন সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তহবিলের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী ব্যয় করবে। তাহলেই এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবে।’

জলবায়ু বিশেষজ্ঞ ও সাসটেইনের নির্বাহী পরিচালক নুসরাত নওশীন ঢাকা মেইলকে বলেন, ‘জলবায়ু সম্মেলনে যেসব আলোচনা ও দর-কষাকষি হয়েছে, সেগুলো বাস্তবায়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বছরজুড়ে বিভিন্ন সম্মেলন ও আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিয়ে আলোচনা হয়। কিন্তু এসব আলোচনা বাস্তবে কার্যকর করার জন্য দেশগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর কর্মপদ্ধতি থাকা প্রয়োজন। কোন প্রক্রিয়ায় অর্থায়ন আসবে এবং কীভাবে তা ক্ষতিগ্রস্ত দেশগুলোর উপকারে আসবে, সে বিষয়ে প্রতিটি দেশের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা জরুরি।’

এই বিশেষজ্ঞ বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজ নিজ দেশের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। দেশের মানুষ ও সরকারকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় হতে হবে। একই সঙ্গে জলবায়ু তহবিল থেকে অর্থায়নকারী দেশ ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। এতে প্রাপ্ত অর্থায়ন যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে। জাতীয় পর্যায়ের জলবায়ু সম্মেলনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত-প্রতিটি দেশের সরকার নিজ দেশের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় অনুদান আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।’

নুসরাত নওশীন আরও বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে অনুদান আসে, তা যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ তা পাচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়া অর্থ কখন, কীভাবে, কোথায় এবং কারা ব্যবহার করছে, তার পূর্ণাঙ্গ তদারকি নিশ্চিত করা জরুরি। জবাবদিহি ও স্বচ্ছতা না থাকলে এসব অর্থের সুফল প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাবে না।’

জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার উপকূলের মানুষেরা। ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার উপকূলের মানুষেরা। ছবি: সংগৃহীত

জলবায়ু বিশেষজ্ঞ ড. সলিমুল হকের একটি ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নদীভাঙন ও ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো অনেক মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসে। এতে তারা নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পরিবর্তে নতুন করে নানা সংকটের মুখে পড়ে। অথচ ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য দেশের ছোট শহরগুলোকে বিকল্প কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। সেখানে কাজের সুযোগ তৈরি হলে তাদের আর জীবিকার সন্ধানে রাজধানীমুখী হতে হবে না। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

‎উপকূলের মানুষের স্থায়ী আবাসন কোথায়

‎উপকূলীয় অঞ্চলের বহু পরিবার প্রতি বছর জোয়ারের পানি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের কারণে ঘরবাড়ি হারাচ্ছে। কোনো কোনো পরিবার একাধিকবার বসতভিটা হারিয়ে অন্যের জমিতে কিংবা বেড়িবাঁধের পাশে আশ্রয় নিচ্ছে। দুর্যোগের পর সাময়িক সহায়তা মিললেও দীর্ঘমেয়াদি নিরাপদ আবাসনের নিশ্চয়তা নেই।

‎জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ঢাকা মেইলকে বলেন, ‘উপকূল অঞ্চলের মানুষের সকাল শুরু হয় নতুন কোনো দুর্যোগের আশঙ্কায় এবং রাত কাটে ভিটেমাটি হারানোর আতঙ্কে। সুন্দরবনের ওপর নির্ভরশীল এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আজ চরম সংকটে। জোয়ারের পানি, জলোচ্ছ্বাস কিংবা বাঘের আক্রমণ—সব উপেক্ষা করে যারা জীবিকা নির্বাহ করেন, প্রকৃতির সামান্য রোষানলে তাদেরই জীবন দিতে হয় সবচেয়ে চড়া মূল্য। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়লেও, এর সবচেয়ে বড় খেসারত দিচ্ছে এই অবহেলিত জনপদের মানুষগুলো।’

এনসিপির এই নেত্রী বলেন, ‘জলবায়ু অভিযোজনের প্রকল্পে শুধু অবকাঠামো নির্মাণ নয়, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দুর্যোগ-সহনশীল বসতবাড়ি নির্মাণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জলবায়ু অভিযোজনের অর্থায়নকে উন্নয়ন সহযোগিতার সাধারণ ঋণ হিসেবে বিবেচনা করা উচিত নয়। যেসব দেশ ও জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি।’

আরও পড়ুন

এল নিনো পাঁচ মাসে প্রাণ কাড়বে সাড়ে ৪ লাখ মানুষের!

'​সুন্দরবন কেবল আমাদের প্রাকৃতিক ঢাল নয়, এটি লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার শেষ ঠিকানা। কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আজ এই ইকোসিস্টেম এবং মানুষ উভয়ই ধ্বংসের মুখে। আন্তর্জাতিক ফোরামে বারবার এবিষয়ে বলা হলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সেই সুরক্ষার সুফল পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে' বলেন তিনি।

‎মনিরা শারমিন বলেন, ‘এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে এই উপকূলীয় সুরক্ষা ও 'লস অ্যান্ড ড্যামেজ' বা ক্ষতিপূরণ এবং অভিযোজন তহবিলের প্রসঙ্গ। বিশ্বনেতারা বড় বড় প্রতিশ্রুতি দিলেও প্রশ্ন উঠেছে- এই অর্থ কি আসলেই মাঠপর্যায়ে পৌঁছাবে? অভিযোজন তহবিলের এই অর্থ দিয়ে কেবল নদীর বাঁধ নির্মাণ নয়, বরং উপকূলের এই প্রান্তিক মানুষদের জন্য স্থায়ী আবাসন, বিকল্প কর্মসংস্থান এবং দুর্যোগ সহনশীল জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।’

তুরস্কে অনুষ্ঠিত হয় এবারের জলবায়ু সম্মেলন। ছবি: সংগৃহীত
তুরস্কে অনুষ্ঠিত হয় এবারের জলবায়ু সম্মেলন। ছবি: সংগৃহীত

‎​‎জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন সংস্থা জানায়, সুন্দরবনসংলগ্ন এলাকার মানুষের জীবন-জীবিকা প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। জীবিকার তাগিদে কেউ মাছ ধরেন, কেউ কাঁকড়া সংগ্রহ করেন, আবার কেউ বনজ সম্পদের ওপর নির্ভর করেন। কিন্তু সুন্দরবনে বাঘের আক্রমণে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পুরো পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে। এ ধরনের পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকলে তাদের দারিদ্র্য আরও গভীর হয়। শুধু তাৎক্ষণিক ক্ষতিপূরণ নয়, বাঘের আক্রমণের শিকার পরিবারের সন্তানদের শিক্ষা, পরিবারের নারীদের কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

‎তিন জেলায় আবাসন প্রকল্প

‎পিকেএসএফের আরএইচএল প্রকল্পে উপকূলীয় মানুষের জন্য জলবায়ুসহিষ্ণু বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার। প্রকল্পের জুন ২০২৬ পর্যন্ত প্রকাশিত অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, নির্মিত হয়েছে এক হাজার ৬৪৭টি বাড়ি। অর্থাৎ লক্ষ্যমাত্রার অর্ধেকের কিছু বেশি। প্রতিটি বাড়ি উঁচু ভিত্তির ওপর নির্মাণ, নিরাপদ স্যানিটেশন, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরবিদ্যুৎ এবং উন্নত চুলার মতো সুবিধা দিয়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলার উপযোগী করার পরিকল্পনা রয়েছে।

‎এছাড়াও, প্রকল্পের আওতায় ৪ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রার বিপরীতে জুন ২০২৬ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৪৯৬টি গাছ লাগানো হয়েছে। প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ আদা চাষ। লবণাক্ততা ও জমির স্বল্পতার কারণে প্রচলিত কৃষিকাজ কঠিন হওয়ায় বস্তায় আদা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৯ নতুন প্রকল্প অনুমোদন

‎পিকেএসএফের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ১৮৮ জন এ উদ্যোগের আওতায় ১ লাখ ৬৬ হাজার ৭৮৫ কেজি আদা উৎপাদন করেছেন। এতে মোট আয় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা। পরিবারপ্রতি গড় আয় ৫ হাজার ৮৭৭ টাকা। এছাড়া উঁচু মাচার ঘর নির্মাণের মাধ্যমে ১০ হাজার ২৭৬টি পরিবারকে ছাগল ও ভেড়া পালনে সহায়তা দেওয়া হয়েছে।

‎খুলনা ও সাতক্ষীরার জলবায়ু অভিযোজন নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে জেন্ডার-রেসপনসিভ কোস্টাল অ্যাডাপটেশন (জিসিএ) প্রকল্প। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় সরাসরি ও পরোক্ষভাবে ৭ লাখ ১৯ হাজার ২২৯ জনের কাছে পৌঁছানোর তথ্য জানিয়েছে ইউএনডিপি।

‎প্রকল্পের তথ্য অনুযায়ী, ২৪ হাজার ৭২৪টি পরিবার জলবায়ু সহনশীল জীবিকাপদ্ধতি গ্রহণ করেছে। ১ লাখ ৪৪ হাজার ৫৯৭ জন পেয়েছেন বছরজুড়ে নিরাপদ ও নির্ভরযোগ্য পানির সুবিধা। এ ছাড়া ১৫ হাজার ৭০০টির বেশি জলবায়ু সহনশীল পানির ব্যবস্থা স্থাপন করা হয়েছে এবং ৭২০ জন সরকারি কর্মকর্তাকে জলবায়ু ঝুঁকি বিবেচনায় পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৭ লাখ ১৯ হাজার মানুষের হিসাবের মধ্যে সরাসরি ও পরোক্ষ উভয় ধরনের সুবিধাভোগী রয়েছেন। সরাসরি সুবিধা পেয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫১৬ জন। বাকি ৪ লাখ ৭৩ হাজার ৭১৩ জন পরোক্ষভাবে উপকৃত হয়েছেন বলে প্রকল্পের তথ্যে উল্লেখ রয়েছে।

‎‎একেএস/জেবি