নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
এলপিজি সিলিন্ডার আমদানি থেকে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত কয়েক দফা হাতবদলের কারণে দাম বেড়ে যাচ্ছে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ডিলার ও সাব-ডিলারনির্ভর বিপণনব্যবস্থার পরিবর্তে অনলাইনে অর্থ পরিশোধের মাধ্যমে সরাসরি গ্রাহকের বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এলপিজি ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ বলেন, এলপিজি আমদানি করে বেসরকারি কোম্পানিগুলো। আর এর দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকার লাইসেন্সিং কর্তৃপক্ষ হিসেবে ব্যবসায়ীদের লাইসেন্স দিয়ে থাকে।
ব্যবসায়ীদের প্রচলিত বিপণনব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আপনারা এখনো সনাতন পদ্ধতিতে এলপিজি বিক্রি করেন। যেমন দেখা যায়, গ্রাম থেকে সবজি আসে। একজনের হাত থেকে আরেকজনের হাত বদল হতে হতে ঢাকার কাঁচাবাজারে পৌঁছায়। আপনারাও সেই ব্যবস্থার মধ্যে গেছেন।’
মন্ত্রী বলেন, ‘এলপিজি সরবরাহে একজন ডিলারের অধীনে সাব-ডিলার, আবার সাব-ডিলারের অধীনে খুচরা বিক্রেতা রয়েছেন। প্রতিটি স্তরে একটি করে বাধা তৈরি হচ্ছে। এভাবে হাতবদল হতে হতে পণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছাচ্ছে, যা গ্রাহকের জন্য অসহনীয় হয়ে উঠছে।’
এ সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সরাসরি গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, যেসব বাড়িতে গ্যাস ব্যবহার হয়, তাদের জন্য একটি অ্যাপ তৈরি করতে পারেন। এখন আমাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে। গ্রাহকদের এনআইডি নিয়ে আপনারা তাদের কাছে এলপিজি সরবরাহ করতে পারেন।’
মন্ত্রী আরও বলেন, ‘ব্যবসায়ীরা নিজেদের মধ্যে গ্রাহক ভাগ করে নিয়ে অনলাইনে অর্থ পরিশোধের ব্যবস্থা চালু করতে পারেন। এরপর সিলিন্ডার সরাসরি গ্রাহকের বাড়িতে পৌঁছে দিলে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার চাপ কমবে।’
এতে ব্যবসায়ীরা যে দাম নির্ধারণ করবেন, গ্রাহক সেই দামেই এলপিজি কিনতে পারবেন বলে মনে করেন জ্বালানিমন্ত্রী।
এমআর/জেবি