১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু মাদারীপুরের কালকিনি থানার চরফতে বাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল জানান, আমরা ৯৯৯-এ খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত এবং অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ‘ধারণা করছি, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে পালিয়ে যায়। আমরা স্থানীয়দের জিজ্ঞেস করেও এ ব্যাপারে কোনো কিছু জানতে পারিনি। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
এসআই মিঠুন মণ্ডল আরও জানান, প্রাথমিক তদন্তে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
নিহতের সুমনের বড় বোন সালমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, সন্ধ্যায় পথচারীরা ফোন করে আমাদের বলে আমার ভাইকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ভাইয়ের এই অবস্থা।
তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরেই সুমন বেশ চুপচাপ থাকতো। তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না তা আমরা বুঝতে পারিনি। তবে সে মাঝেমধ্যে বলতো, ‘আমাকে মেরে ফেলবে’।
এমএমআর/এএইচ