Dhaka Mail Logo

জাতীয় / সারাদেশ

সংরক্ষিত আসনে ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত করা উচিত: স্পিকার

জেলা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

জাতীয় সংসদে সংরক্ষিত ১০০টি নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্যদের (এমপি) নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, ‘নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ, নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।’

নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী শিক্ষার অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন।’ 

মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান স্পিকার।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতিহাস এ কৃতিত্ব স্মরণে রাখবে।’

বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএইচ