Dhaka Mail Logo

জাতীয়

৩০ টাকা দরে চাল কিনে খুশি পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিকের কাছে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রাথমিকভাবে ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকে এ চাল বিক্রি শুরু হয়েছে।

নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিকের খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয় কমাতে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের ফলে বাজারদরের তুলনায় কম মূল্যে চাল কেনার সুযোগ পাচ্ছেন পোশাকশ্রমিকরা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা শ্রমজীবী মানুষের সংসারের খাদ্য ব্যয় কিছুটা কমাতে কর্মসূচিটি সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

তথ্যানুযায়ী, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে দু’টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির সুবিধা পেতে সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি চাল সংগ্রহের সময় সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করতে হবে। এ পদ্ধতির মাধ্যমে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদফতরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন।

এআরএম