জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা একজন ফাঁসির আসামিকে ফুলের পাপড়ি বিছিয়ে বাংলাদেশে নিয়ে আসার চিন্তা করছেন, তাদের মনে রাখতে হবে- এ দেশের মানুষ একজন পতিত ফ্যাসিস্টকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, যারা বোমা মারছেন, ককটেল মারছেন, তাদের সকলের তথ্য আমরা পেয়েছি। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পাচ্ছে না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের সামনে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে বলে জানান তিনি।
আসাদুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। একইভাবে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকারের বা তার নিজের বিরুদ্ধে গেলেও সমস্যা নেই।
তিনি বলেন, গত প্রায় নয় মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও এসব বিষয়ে কথা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।
আইনমন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্মও অনুপ্রাণিত হবে। তারা বুঝতে পারবেন, ঝিনাইদহের উন্নয়ন ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী মো. রাশেদ খান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।
এমআইকে/এসআই