নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ এএম
তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তুরস্কের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান। আন্তালিয়া বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।
ঢাকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।
বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তাঁরা।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জন্য যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। এ ছাড়া বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। নতুন বছরে ওই সফর করার আশা প্রকাশ করেন তারেক রহমান।
আরও যেসব নেতার সঙ্গে সাক্ষাৎ
সম্মেলনের ফাঁকে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো আলোচনায় আসে। বৈঠকে অংশ নেওয়া নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহও প্রকাশ করেন।
সাইড ইভেন্টে ডা. জুবাইদা রহমান
সফরকালে ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত একটি পার্শ্ব-আয়োজনে অংশ নেন। সেখানে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
এ ছাড়া কপ-৩১-এ অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন। আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেন ডা. জুবাইদা রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এআর