ঢাকা মেইল ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম
শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণায় ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে বলে মনে করছে দিল্লি। তবে তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার মতো দুটি শর্ত সামনে রেখেছে ভারত। এ বিষয়ে ঢাকার সঙ্গে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে দিল্লি। তবে আগামী ডিসেম্বরেই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন দিল্লির বেশির ভাগ পর্যবেক্ষক।
বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন। এরই মধ্যে সোয়া দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে।
ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। এখন পর্যন্ত তিনি সেই ঘোষণায় অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিন-তারিখ জানাননি।
শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে তাঁর আশ্রয়দাতা দেশ ভারতের সরকারও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দুই বছর ধরে ঝুলিয়ে রেখেছে ভারত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করা হলে মুখপাত্র বারবার বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।
কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনো ভূমিকা আছে? এই প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনো তৎপরতা চালাচ্ছে?
দিল্লি পুরো বিষয়টি এবং এ-সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা?
সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি।
অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি—দুই পক্ষই এ বিষয়ে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।
দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর একটি ইস্যু হয়ে উঠেছে, তা কোনো গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।
ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হতো, যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে বারবার কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।
ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত বিকল্প।
বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই—এ বিষয়ে দিল্লির নীতিনির্ধারকেরাও একমত।
ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়মিত ডিব্রিফিংয়ের আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন। এসব সেশনে তাঁকে ভারতের এই মনোভাবের কথা জানানো হয়েছিল।
দুই পক্ষ এ বিষয়ে একমত হওয়ার পরই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।
প্রত্যর্পণের অনুরোধ তাহলে ঝুলিয়ে রাখা কেন?
শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ২০২৪ সালের ডিসেম্বরেই ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল। এরপর একাধিকবার এ বিষয়ে তাগাদাও দেওয়া হয়েছে।
ভারত এখন পর্যন্ত সেই অনুরোধে কোনো সাড়া দেয়নি—হ্যাঁ বা না, কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সেই অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়?
এর উত্তরে ভারতের পর্যবেক্ষকেরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু। তাঁকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পরিয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে।
কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সে রকম কিছু করবে, তা কল্পনারও অতীত।
যদি তা করা হয়, তাহলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। যেমন নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের কোনো নেতাই তখন ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না।
তা ছাড়া শেখ হাসিনা যখন ২০২৪ সালের ৫ আগস্ট ভারতের মাটিতে পা রাখেন, তখন তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না; ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তাঁর সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনো অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারত ঠিক সে রকম কিছুই করছে।
তাহলে ভারত কী চায়, কোন শর্তে শেখ হাসিনা ফিরবেন?
দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধান শর্ত মূলত দুটি।
প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নিতে হলে সেই কাজও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়া আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। অর্থাৎ বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে। আবার স্থলসীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে।
এ জন্য দিল্লির পক্ষ থেকে যে ধরনের লজিস্টিক প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত তা করতেও প্রস্তুত আছে।
দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিকে যেন বাংলাদেশের নিজস্ব বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অত্যন্ত সতর্ক থাকতে চাইছে। এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যও করছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, ‘আমরা কখনোই জেনেশুনে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’
সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্ব ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানিয়েছেন।
এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ?
অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যখন কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে আসেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি তিনি দেখা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও।
ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেছিল, ‘বাংলাদেশে আমাদের হাইকমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনো কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।’
তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণ আর কিছুই নয়—শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটি সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
বস্তুত, গত দুই থেকে আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে যতই ওঠানামা থাকুক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তাতে কখনোই কোনো ছেদ পড়েনি।
ভারতে এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তাঁর পূর্বসূরিরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ‘চব্বিশের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।’
দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি তখন বলেছিলেন, ‘দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহূর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।’
ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সে দেশের সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে।
ডিসেম্বরে শেখ হাসিনা কী আদৌ ফিরতে পারবেন, ভারত কী ভাবছে?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এই মুহূর্তে খুব কঠিন। তবে ভারত মনে করছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায়।
দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, তাঁদের ধারণা, মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইুক, আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন।
‘জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ—বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে,’ বলছেন কর্মকর্তারা।
তার ওপর শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে অনেকগুলো ‘যদি’ বা ‘কিন্তু’ আছে, যেমনটা এই প্রতিবেদনে আগেই ব্যাখ্যা করা হয়েছে।
এই জিগস পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে—তাও আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে—সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহূর্তে ধারণা করা হচ্ছে।
ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লির বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।
গোটা বিষয়টায় ভারতের কূটনৈতিক লাভ-ক্ষতির অঙ্কটা কী?
বাস্তবতা হলো, ভারত যেভাবে চাইছে, সেভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন—এটা প্রথম দিন থেকেই দিল্লির জানা ছিল। তারপরও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন, আর সেটা দিল্লির সম্মতি নিয়েই করেছেন।
এর কারণ হলো, দিল্লি মনে করছে, তিনি শেষ পর্যন্ত এখন দেশে ফিরতে না পারলেও ভারতের সেই অর্থে হারানোর কিছু নেই।
‘আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি,’ বলছেন দিল্লিতে সাউথ ব্লকের এক কর্মকর্তা।
পাশাপাশি শেখ হাসিনার ফেরার ঘোষণায় বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অনেক উজ্জীবিত বোধ করছেন, সেটাও বলাই বাহুল্য।
ভারত যেহেতু চায় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটুক, ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণাকেও একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে দিল্লি।
এই বছরের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা বলা কঠিন। কিন্তু শেষ পর্যন্ত যদি তিনি ভারতের মাটিতেই থেকে যান, তাঁর উপস্থিতিকে যৌক্তিক প্রমাণ করার জন্য তাদের হাতে তখন বাড়তি যুক্তি থাকবে বলে দিল্লি মনে করছে। সূত্র: বিবিসি বাংলা
এআর