নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। আর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত মেয়াদি কমিশনে কর্মরত প্রথম দুই কর্মকর্তার চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় বিমান বাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসরে পাঠানো হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে কর্মরত বাকি তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় একই আইনের রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবসরে যাওয়া পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সব সুযোগ-সুবিধা পাবেন।
এম/এএস