Dhaka Mail Logo

জাতীয়

সেন্টমার্টিন ভ্রমণে এক প্ল্যাটফর্মেই বাস-জাহাজের টিকিট ও ট্রাভেল পাস

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

সেন্টমার্টিন ভ্রমণ আরও সহজ করতে বাস ও জাহাজের টিকিটের পাশাপাশি ট্রাভেল পাস একসঙ্গে বুকিংয়ের সুবিধা চালু করেছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস। এর ফলে পর্যটকদের আর আলাদাভাবে বাসের টিকিট, জাহাজের টিকিট ও ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে না। একটি প্ল্যাটফর্ম থেকেই পুরো ভ্রমণের প্রয়োজনীয় টিকিট ও পাস সংগ্রহ করতে পারবেন ভ্রমণকারীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিডিটিকিটসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত অনলাইন শিপ টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটসের মাধ্যমে কক্সবাজার যাতায়াতের বাস টিকিট এবং সেন্টমার্টিনে যাওয়া-আসার জাহাজের টিকিট ও ট্রাভেল পাস একসঙ্গে বুক করা যাচ্ছে। এতে ভ্রমণ পরিকল্পনা সহজ হওয়ার পাশাপাশি আলাদা আলাদা জায়গা থেকে টিকিট সংগ্রহের ঝামেলাও কমবে।

তবে সেন্টমার্টিন ভ্রমণে টিকিট সংগ্রহের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে হবে। টিকিটে উল্লেখিত নাম ও জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের মিল থাকতে হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, শুধু সফট কপি নয়, যাত্রার আগে অনুমোদিত কাউন্টার থেকে কিউআর কোড সংবলিত প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হবে।

এ ছাড়া যাত্রার আগেই টিকিট বুকিং সম্পন্ন করতে হবে। কারণ জেটি ঘাটে টিকিট কেনার কোনো সুযোগ থাকবে না। যাত্রাপথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জাহাজ কর্তৃপক্ষ টিকিট যাচাই করবে। এ কারণে পুরো ভ্রমণ চলাকালে টিকিট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিডিটিকিটস জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টাই টিকিট বুকিংয়ের সুযোগ রয়েছে। টিকিটসংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে ফোন করে গ্রাহকসেবাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ ছাড়া সেবার বিস্তারিত ও বিশেষ অফার সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ, অ্যাপ ও ওয়েবসাইট ভিজিট করা যাবে।

এমআর/এএস