Dhaka Mail Logo

জাতীয়

সারাদেশে ৩৮১ শিল্প কারখানা বন্ধ: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন সারাদেশের ৩৮১টি শিল্প কারখানা রুগ্ন বা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে প্রশ্নোত্তর পর্বে সৈয়দ জয়নুল আবেদীন জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকায় শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে? এর মধ্যে কতটি চালু রয়েছে এবং কতটি বন্ধ রয়েছে? বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালু করতে কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের কী পরিকল্পনা রয়েছে?

উত্তরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে শিল্পনগরী। শিল্পপার্ক প্রতিষ্ঠা করে যেখানে বেসরকারি শিল্প উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে শিল্প কারখানা স্থাপন করে থাকেন। বিসিক শিল্পনগরীর অন্তর্ভুক্ত শিল্প কারখানা ব্যতীত অন্যান্য শিল্প কারখানা বিসিকের আওতা বহির্ভূত হওয়ায় ঢাকা-৪ সংসদীয় এলাকায় শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান শিল্প কারখানার তথ্য বিসিকের কাছে নেই।’

তিনি আরও বলেন, ‘দেশব্যাপী স্থাপিত বিসিকের ৮৪টি শিল্পনগরীর ১১ হাজার ৭৪৮টি শিল্পপ্লটে বেসরকারি উদ্যোক্তাগণের উদ্যোগে ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। তন্মধ্যে ৩৮১টি শিল্প কারখানা রুগ্ন/বন্ধ রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত ২২টি কারখানা চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘শ্যামপুর শিল্পাঞ্চলে বিসিআইসি সংশ্লিষ্ট শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন ২টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। দুটি প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে।’

এমএইচএইচ/এএইচ