Dhaka Mail Logo

জাতীয়

আধঘণ্টায় কি কেয়ামত হবে, নাহিদকে প্রশ্ন স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুমতি চেয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কথা বলতে দিলে সংসদে থাকবেন, অন্যথায় থাকবেন না। 

এ সময় প্রশ্নোত্তর পর্ব শেষে কথা বলার অনুরোধ জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে প্রশ্ন করেন, ‘এই আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের শুরুতে দাঁড়াতে চান নাহিদ। তার বিষয়টি জরুরি উল্লেখ করে কথা বলতে চান। 

এসময় স্পিকার নাহিদ প্রশ্নোত্তর পর্বের পরে দাঁড়ানোর অনুরোধ করলে তিনি বলেন, ‘কথা বলতে না দিলে সংসদে থাকবেন না। তার জবাবে আধঘন্টায় কেয়ামত হবে কি না, প্রশ্ন তোলেন স্পিকার। 

সংসদ অধিবেশনের শুরুতে নাহিদ ইসলামকে ফ্লোর দেওয়া হলে তিনি বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি যে আমাকে শুরুতেই দাঁড়াতে হলো, কারণ বিষয়টা খুবই জরুরি। গতকাল রাতে আনুমানিক ১২টা নাগাদ আমাদের...।’

এ সময় স্পিকার বলেন, ‘চিফ হুইপ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’

জবাবে নাহিদ বলেন, ‘না মাননীয় স্পিকার, প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’

এ কথার উত্তরে স্পিকার বলেন, ‘এই আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধঘণ্টা অপেক্ষা করায় অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি। স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।’

তখন নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

এ সময় সংসদে না থাকার হুঁশিয়ারি দিয়ে এনসিপির এমপি বলেন, ‘আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না। আমরা অ্যাটলিস্ট আমাদের কথা বলতে চাই। যদি বলতে দেন তাহলে থাকি, নাহলে থাকব না।’

এমএইচএইচ/এএইচ