নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, পরিদর্শনকালে শিক্ষা সচিব প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে আবদুল খালেক বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি খেলাধুলা ও ধর্মীয় কর্মকাণ্ডেও মনোযোগী হতে হবে।
শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়ে সিনিয়র সচিব বলেন, শিক্ষার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান শিক্ষা সচিব।
এমএইচ/এআরএম