নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ এএম
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো এবং ক্ষমতা একটি পুতুল সরকারের হাতে চলে যেত।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক। এদিন সিপাহি ও জনতার সম্মিলিত ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায় রচিত হয়েছিল। আধিপত্যবাদের বিরুদ্ধে সেই প্রতিরোধ না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারত।
তিনি বলেন, ৭ নভেম্বরকে যথাযথভাবে বুঝতে হলে ১৯৭৫ সালের আগের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং প্রশাসন ও সামরিক বাহিনীর অভ্যন্তরীণ টানাপড়েনের বিষয়গুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ইসমাইল জবিউল্লাহ বলেন, যে গণতন্ত্র সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, স্বাধীনতার পর সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দূরদর্শিতা ও দক্ষতার অভাব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। এসব পরিস্থিতির ধারাবাহিকতায় ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ তৈরি হয়।
তিনি আরও বলেন, ইতিহাসের কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। ৭ নভেম্বরের তাৎপর্য অনুধাবন করতে হলে এর আগের ঘটনাগুলোও জানতে হবে। ইতিহাসের কিছু অধ্যায় অস্বস্তিকর হলেও সেগুলো এড়িয়ে গেলে প্রকৃত ইতিহাস বোঝা সম্ভব নয়।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আধিপত্যবাদী শক্তি সেনাবাহিনীর পাশাপাশি সমান্তরাল সামরিক শক্তি গড়ে তুলে রাষ্ট্রের স্বাভাবিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছিল বলে তাঁদের ধারণা। তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষের সমর্থন সেই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি বলেন, ৭ নভেম্বরের ঘটনাকে কেউ কেউ শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকট হিসেবে ব্যাখ্যা করেন। কিন্তু এর পেছনে জাতীয়তাবাদী চেতনা ও আধিপত্যবাদবিরোধী জনমতও কাজ করেছিল। সেদিন সিপাহি ও সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে এসেছিলেন। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও সিপাহিদের সঙ্গে তাঁদের সংহতি ছিল সেই দিনের অন্যতম উল্লেখযোগ্য দিক।
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার একটি ঐতিহাসিক সাদৃশ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উভয় ঘটনার ক্ষেত্রেই রাষ্ট্র ও সমাজের গভীর সংকটের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ সৈনিক ও জনগণের সম্মিলিত ভূমিকা দেখা যায়। ইতিহাসের এই দুই ঘটনার মধ্যে প্রেক্ষাপটগত পার্থক্য থাকলেও জনগণের অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে আলোচনার দাবি রাখে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব শিল্প, তাঁতশিল্প ও কুটিরশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। তাঁর শাসনামলে ১৯৭৭ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ তাঁত বোর্ড প্রতিষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন। জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক বিকাশের আগেই তাঁতশিল্পের উন্নয়নে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করেছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী চেতনার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। তবে শুধু একজন নেতার জনপ্রিয়তা বা ভাবমূর্তির ওপর নির্ভর করে থাকলে চলবে না। দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় তাতীদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ/এমএইচআর