Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ীতে মাদরাসায় আগুনে অসুস্থ ৭০, সেই রাতে যা ঘটেছিল

মোস্তফা ইমরুল কায়েস

১১ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

  • কেউ দগ্ধ হয়নি, ধোঁয়ায় আক্রান্ত শিক্ষার্থীরা
  • দুই শিক্ষার্থী আইসিইউতে, একজনের অবস্থা আশঙ্কাজনক
  • হাসপাতালে চিকিৎসাধীন ৯ শিক্ষার্থী

রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এর আগে কয়েকজন শিক্ষার্থী মাদরাসার লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েছিল। তারা রাত সাড়ে ১২টার দিকে পড়াশোনা শেষ করে চলে আসে। পরে রাত আনুমানিক দেড়টার দিকে একজন হুজুর লাইব্রেরির দিক থেকে পোড়া গন্ধ পান। তিনি বাইরে এসে লাইব্রেরি খুলে দেখেন, ভেতরে ভয়াবহ আগুন জ্বলছে এবং লাইব্রেরির বইপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যাচ্ছে।

এভাবেই যাত্রাবাড়ীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগার ঘটনা ও আগুন নেভানোর বিবরণ তুলে ধরেন মাদরাসাটির ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল্লাহ সিয়াম।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পঞ্চম তলায় তাঁর সঙ্গে কথা হয়।

এ সময় সিয়াম আরও বলেন, ওই হুজুর সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মাদরাসার শিক্ষার্থীরাও আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, প্রায় ৭০ জন আবাসিক শিক্ষার্থী ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আগুন নেভানোর সময় প্রচুর কালো ধোঁয়া সৃষ্টি হয়। যারা সামনে থেকে আগুন নেভানোর চেষ্টা করেছিল, তাদের অনেকেই সেই ধোঁয়ার সংস্পর্শে আসে। পরে তাদের শারীরিক অস্বস্তি ও শ্বাসকষ্ট দেখা দেয়।

কোনো শিক্ষার্থী দগ্ধ হয়নি, সবাই ধোঁয়ায় আক্রান্ত

শিক্ষার্থীদের অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আমির হামজা বলেন, আগুন নেভানোর পরপরই সবার তেমন কোনো সমস্যা দেখা যায়নি। তবে ফজরের নামাজের পর, আনুমানিক ভোর ৪টা থেকে সাড়ে ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী শরীরে অস্বস্তি অনুভব করতে শুরু করে। বিশেষ করে যারা আগুন নেভানোর সময় সামনে থেকে কাজ করেছিল, তাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা দেয়। কালো ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরের ভেতরে প্রবেশ করার কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এরপর শিক্ষার্থীরা একে একে চিকিৎসা নিতে হাসপাতালে আসতে শুরু করে। মাদরাসার পক্ষ থেকে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে প্রায় ৭০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছিল। বর্তমানে অধিকাংশই সুস্থ হয়ে ফিরে গেছে।

তাঁর দাবি, কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছিল। মূলত শ্বাসকষ্টের সমস্যা বেশি হওয়ায় তাদের আইসিইউতে নিতে হয়েছিল। আরও দুজন সাধারণ শয্যায় চিকিৎসাধীন ছিল।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, আগুনে কোনো শিক্ষার্থী দগ্ধ হয়নি। কারও শরীরে আগুনের সামান্য আঁচ বা ছিটেফোঁটাও লাগেনি। কিছু সংবাদমাধ্যমে শিক্ষার্থীরা আগুনে দগ্ধ হয়েছে বলে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়। শিক্ষার্থীরা মূলত আগুনের ধোঁয়ার কারণে অসুস্থ হয়েছে।

বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পঞ্চম তলার পোস্ট অপারেটিভ ফ্লোরে টুপি ও পাঞ্জাবি পরা কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা আহত শিক্ষার্থীদের দেখতে এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসাধীন শিক্ষার্থীও ছিলেন, যাঁরা বিকেলে ছাড়পত্র নিয়ে চলে যাচ্ছিলেন।

জুবায়ের নামে এক শিক্ষার্থী ঢাকা মেইলকে বলেন, আগুন কেউ লাগিয়ে দেয়নি। শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। আমরা আহতদের দেখতে এসেছি। কারণ, তারা তো আমাদের ছোট ভাই। আমাদের কেউ দগ্ধ হয়নি। তবে সবাই ধোঁয়ায় আক্রান্ত হয়েছিল। যে ভবনে আগুন লেগেছিল, তার বিপরীত পাশের ভবনে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা ছিল। এ কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা।

এখন ভর্তি ৯ জন, দুজন আইসিইউতে

আগুনের ঘটনায় সর্বশেষ তথ্য তুলে ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদার ঢাকা মেইলকে জানান, রোগীদের ছাড়পত্র দেওয়ার পর বর্তমানে ইনস্টিটিউটে মোট ৯ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে চিকিৎসাধীন। তাঁদের একজন লাইফ সাপোর্টে রয়েছেন। আইসিইউতে থাকা শিক্ষার্থীদের মধ্যে আজিজুল ইসলাম সিয়াম নামে এক শিক্ষার্থীর অবস্থা ভালো নয়।

তিনি আরও জানান, ভর্তি থাকা সব রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

এদিকে বুধবার সকাল থেকে ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৭০ জন শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছে।

মাদরাসার পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের দেখভালের দায়িত্বে থাকা শিক্ষক সাফায়েত ঢাকা মেইলকে বলেন, তাদের কেউ দগ্ধ হয়নি। তারা মূলত ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এখন মোট ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে আছে। বাকিরা ভালো আছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাঁরা আসছেন এবং খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া মাদরাসার পক্ষ থেকেও তাঁদের দেখভাল করা হচ্ছে। মাদরাসার পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এমআইকে/এআর