নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে ১১ জন দালালকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৩-এর অধিনায়ক মেজর নাঈমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এসআরবি সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূরদূরান্তের রোগী ও স্বজনদের একটি দালাল চক্র নিয়মিত প্রতারণা ও হয়রানি করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। হাসপাতালের বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান চালিয়ে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান আটক ব্যক্তিদের অপরাধ স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী হাসান সিদ্দিকী সাংবাদিকদের জানান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। এখানে দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। কিন্তু দালালদের দৌরাত্ম্যে রোগী ও স্বজনদের হয়রানির শিকার হতে হয়। পাশাপাশি চিকিৎসক ও নার্সদেরও স্বাভাবিক চিকিৎসাসেবা দিতে বাধার মুখে পড়তে হয়।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৬০ জন কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশ নেন। অভিযানে মোট ১১ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে চারজনকে অর্থদণ্ড এবং সাতজনকে তিন দিন থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হেলাল (৩২): ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আলামিন (৩২): ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইমন (২৮): ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
মোয়াজ্জেম (৫০) ও শহিদুল মোল্লা (৩৭): প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড সাদ্দাম (৩৫) ও সিফাত (২২): প্রত্যেককে ৩ দিনের কারাদণ্ড, নূরনবী (২৭): ১০ হাজার টাকা জরিমানা, মাহামুদুল (৩৯) ও আল শাহরিয়ার হোসেন বাপ্পি (৩০): প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, শাকিল (২২): ৩ হাজার টাকা জরিমানা।
অভিযান শেষে এসআরবি-৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএমআর/এআরএম