Dhaka Mail Logo

জাতীয়

টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিকে বিভ্রান্তিকর বলল স্থানীয় সরকার মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করায় এর প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় বলছে, প্রতিমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের স্বাক্ষরিত এক ব্যাখ্যায় এ কথা জানানো হয়।

ব্যাখ্যায় বলা হয়, প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। 

ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে কাজের গুণগত মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছেন। পাশাপাশি সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য উপেক্ষা করে অনানুষ্ঠানিক আলাপের কিছু বক্তব্য বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তার বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতার সঙ্গে তুলনা করাকে অনভিপ্রেত উল্লেখ করে একে সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার বলেও দাবি করা হয়েছে।

ব্যাখ্যায় আরও বলা হয়, সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই।

এদিকে প্রতিমন্ত্রী বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে এক কর্মশালায় আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে অনানুষ্ঠানিক বক্তব্যগুলো প্রত্যাহার করেছেন এবং এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেছেন।

বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি বন্ধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।

এএইচ/এআরএম