নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
সরকার গঠনের পর গত আট মাসে সারা দেশে তিন হাজার একর বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাঁর মতে, বনভূমি উদ্ধারের এ ঘটনা বিরল রেকর্ড।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ ফরিদুল ইসলাম বলেন, মৌলভীবাজার এলাকায় কিছু গাছ কাটা হয়েছিল। সেখানে আটজন কর্মকর্তার সুনির্দিষ্ট সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে বরখাস্ত করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এসব বিষয়ে ছাড় দিচ্ছি না। পাশাপাশি, আমাদের পাহাড় ও নদীর সুরক্ষায় নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত দৃশ্যমান। প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করছি এবং সেগুলো একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি, যাতে মানুষ এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকে এবং আমরা আমাদের প্রাণ-প্রকৃতি সুরক্ষা করতে পারি।
তিনি আরও বলেন, আমাদের দেশে যে জলোচ্ছ্বাস বা বন্যা হচ্ছে, সেগুলো হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে। এ জন্য আমরা সব সময় বলছি, একটি সতর্কতামূলক বার্তা দিতে হবে এবং আগাম সতর্ক করতে হবে। তাহলে আমরা প্রস্তুতি নিতে পারব। যেমন, কয়েক দিন আগে একটি বন্যা হয়েছে। শুধু সতর্কবার্তা না থাকার কারণে সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের অঞ্চলগুলো বন্যাকবলিত হয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
এ বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেন আগামীতে আমরা এসব বিষয়ে জানতে পারি এবং আগাম সতর্কবার্তা পাই। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি।
একেএস/এআর