নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে খুলনা অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেখানে বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল লিখিত প্রশ্নটি উত্থাপন করেন।
প্রশ্নে তিনি খুলনার মানুষের দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সেখানে পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ২১৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ করা জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শেষ হয়েছে। তবে ২০২৩ সালের ২২ জুন তৎকালীন সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী আরও জানান, আকাশপথে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর সচল করার জন্য অগ্রাধিকার তালিকা তৈরি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
তিনি বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ এতে অন্তর্ভুক্ত করা হবে।
এআর