রাজধানীর খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মো. তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এশিয়া পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাউসিফকে হাসপাতালে নিয়ে আসা সেলিম জানান, বুধবার সকাল ১০টার দিকে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এশিয়া পাম্পের সামনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তাউসিফ। এ সময় পেছন থেকে একটি তেলের লরি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাউসিফ ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি এলাকার কামরুল ইসলামের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমএমআর/এআরএম