নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ঢাকা মহানগরর পূর্ব ছাত্রদলের এক নেতা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এই ঘটনা ঘটে। পরে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।
আটককৃতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাদের মধ্যে সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম (রাজীব পাটোয়ারী) জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখে তিনি গাড়ি থামান। যুবকদের পরিচয় ও কারণ জানতে চাইলে চারজন মোটরসাইকেল চেপে দ্রুত স্থান ত্যাগ করেন। তবে বাকি তিনজনকে তিনি আটকে রেখে দ্রুত পুলিশে খবর দেন।
রাজীব পাটোয়ারী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। এ সময় আটকরা দাবি করেন, তারা অতিরিক্ত মদ্যপ অবস্থায় না বুঝে স্লোগান দিয়েছিলেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, হোটেলের সামনে কয়েকজন যুবককে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে ধাওয়া খেয়ে চারজন দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যান এবং তিনজনকে ঘটনাস্থলেই আটকে ফেলা হয়। ঘটনার সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানা গেছে।
গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আটক তিন যুবককে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগে মামলা করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।
/এসআই