Dhaka Mail Logo

জাতীয়

মোহাম্মদপুরে দিনেদুপুরে সবার সামনে যুবককে কুপিয়ে সব লুট

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

রাজধানীর মোহাম্মদপুরে কুপিয়ে তানভীর (২৯) নামে এক যুবকের আইফোন ও নগদ টাকাসহ ওয়ালেট ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ করিম মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার তানভীর ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছেন। সরকারি চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকা এই তরুণ পাশাপাশি বিসিএসের প্রস্তুতিও নিচ্ছিলেন। মঙ্গলবার বন্ধু ও পরিচিত বড় ভাইদের সঙ্গে পড়াশোনা নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পথেই ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের আটিবাজারের বাসিন্দা তানভীর দুপুরে বাসা থেকে বের হয়ে বছিলা সেতু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি ফুটওভারব্রিজের নিচে পৌঁছালে তিন থেকে চারজন দুর্বৃত্ত তার পথ আটকায়। তাদের সবার হাতেই ছিল চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র।

এ সময় দুর্বৃত্তরা তানভীরের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তার ওপর হামলে পড়ে তারা। একের পর এক কোপে তানভীরের ডান হাত ও পিঠ ক্ষতবিক্ষত হয়। তার শরীরে অন্তত ১২ থেকে ১৪টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঘটনার সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও হামলাকারীদের হাতে অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসার সাহস পাননি। রক্তাক্ত অবস্থায় তানভীর মাটিতে পড়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে সটকে পড়ে ছিনতাইকারীরা। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তানভীরের বড় ভাই মো. হাসান সরকার জানান, ছিনতাইকারীরা তার ভাইয়ের ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং ওয়ালেট নিয়ে গেছে। ওই ওয়ালেটে ছয় থেকে সাত হাজার টাকা ছিল। চিকিৎসা শেষে এ ঘটনায় থানায় যাওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের।

এদিকে, ঘটনার বিষয়টি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।

তিনি বলেন, জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

এমআইকে/এএস