নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আজ বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি।
জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এই সফর আয়োজনে প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের সঙ্গে বৈঠক করবেন।
তার সফরসূচির মধ্যে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক ছাড়াও কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলন অংশগ্রহণ করবেন।
বিশেষ র্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।
/এএস