Dhaka Mail Logo

জাতীয়

নাশকতা ঠেকাতে আইজিপির কড়া বার্তা, প্রকৃত অপরাধীদের ধরার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

সারাদেশে ২৪ ঘণ্টায় ২২ যানবাহনে আগুন ও ২৮ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ঢালাও বা গণগ্রেফতার না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নিরীহ মানুষ যেন পুলিশি হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন আইজিপি।

মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), পুলিশের রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের সঙ্গে এক জরুরি অনলাইন বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।

বৈঠকে নাশকতায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সাইবার মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ঢালাও গ্রেফতার বা গণগ্রেফতার না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন আইজিপি।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ঢাকা মহানগরের ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকায় অন্তত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন আইজিপি। ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করতেও বলা হয়েছে।

পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্তের কাজ চলছে।

তিনি আরও বলেন, শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক ব্যাগ, কার্টন কিংবা টিন পড়ে থাকতে দেখলে তা স্পর্শ না করে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

এমআইকে/এমআর