Dhaka Mail Logo

জাতীয়

কপ-৩১: ‎কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকারের ঘোষণা

১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

আসন্ন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এক উচ্চপর্যায়ের যৌথ সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়।
‎
‎সংবাদ সম্মেলনে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় কপ-এর মূল কর্মপরিকল্পনায় পরিচ্ছন্ন ও টেকসই বিদ্যুতায়নকে কেন্দ্রবিন্দুতে রাখা। কার্বন নিঃসরণ কমাতে তিনটি প্রধান খাত- পরিবহন, ভবন এবং শিল্পখাতে বিদ্যুতায়নের ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
‎
‎এছাড়া জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে একটি পরিচ্ছন্ন, অধিক নির্ভরযোগ্য এবং স্বল্প-নির্গমনশীল ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় জানানো হয়।
‎
‎সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী এই জ্বালানি রূপান্তর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা হবে। কপ-৩১ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে এই উদ্যোগ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
‎
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ-৩১ আলোচনার চেয়ারম্যান ক্রিস বোয়েন এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের নির্বাহী সচিব সাইমন স্টিল।
‎
‎একেএস/এএইচ