Dhaka Mail Logo

জাতীয়

ঢাকায় বদলি হতে মরিয়া ইইডি প্রকৌশলীরা, তদবিরের হিড়িক 

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

সরকারি চাকরিজীবীদের বদলি ও পদোন্নতির জন্য তদবির নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে সরকার। তবে সেই নির্দেশনার মধ্যেই ঢাকায় পদায়ন পেতে মন্ত্রী ও সংসদ সদস্যদের ডিও লেটার (আধা-সরকারি পত্র) সংগ্রহ করেছেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) কয়েকজন প্রকৌশলী। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়ার দিনই ঢাকায় বদলির বিষয়ে ব্যবস্থা নিতে আরেকটি চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকায় বদলির জন্য ডিও লেটার সংগ্রহ করা দুই প্রকৌশলী হলেন- ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মনিরুজ্জামান মনি ও শেরপুরের সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশফিকুর রহমান। এছাড়া পটুয়াখালীতে কর্মরত সহকারী প্রকৌশলী শাকিল আহমেদও ঢাকায় বদলির চেষ্টা করছেন বলে জানা গেছে।

এর মধ্যে মনিরুজ্জামান মনির ঢাকায় পদায়নের জন্য মাত্র একদিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশপত্র দিয়েছেন একজন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্য। একই সময়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়।

মনিরুজ্জামান মনি এর আগে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে এক ঠিকাদারের কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েও কাজ না দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ঠিকাদার ইইডির প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখা থেকে ইইডির প্রধান প্রকৌশলীর কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়। চিঠির সঙ্গে অভিযোগসংক্রান্ত পেপার কাটিং ও অন্যান্য তথ্যও সংযুক্ত করা হয়।

একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইইডির প্রধান প্রকৌশলীর কাছে আরেকটি চিঠি পাঠানো হয়। এতে সংসদ সদস্যদের ডিও লেটার ও আবেদনের পরিপ্রেক্ষিতে চারজন সহকারী প্রকৌশলীকে ঢাকায় বদলির বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। ওই চারজনের মধ্যে মনিরুজ্জামান মনিও রয়েছেন।

চিঠি দুটিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন-৩ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চিঠি দুটি দিয়েছি। কেন, কী কারণে; তা বলা আমার পক্ষে সম্ভব নয়।’

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত মনিরুজ্জামান মনি গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর ঢাকায় বদলির আবেদন করেন। এতে নিজের চিকিৎসা, চাকরিজীবী স্ত্রী, বৃদ্ধ বাবা-মা ও পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকায় পদায়নের অনুরোধ জানান তিনি।

এরপর ২ সেপ্টেম্বর তার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য ইকরামুল বারী টিপু। পরদিন ৩ সেপ্টেম্বর একই বিষয়ে সুপারিশপত্র দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুটি চিঠিতেই মনিরুজ্জামানের চিকিৎসা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় তাকে ঢাকায় বদলির সুপারিশ করা হয়।

এদিকে শিক্ষা প্রকৌশল অধিদফতরের আরও দুই প্রকৌশলীর ঢাকায় বদলির চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। তাদের একজন সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ। তিনি ২০২১ সালের ৬ এপ্রিল ফেনী সদর থেকে ইইডির ঢাকা মেট্রো কার্যালয়ে পদায়ন পান। পরে ২০২৬ সালে পদোন্নতির কারণে তাকে পটুয়াখালীতে পদায়ন করা হয়। বর্তমানে তিনি আবার ঢাকায় ফিরতে চাইছেন।

অন্যদিকে শেরপুরে কর্মরত সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশফিকুর রহমান ঢাকা সার্কেল অথবা ঢাকা মেট্রো কার্যালয়ে পদায়ন চান। এ জন্য তার পক্ষে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ডিও লেটার দিয়েছেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের বদলি, পদোন্নতিসহ চাকরিসংক্রান্ত বিষয়ে তদবির বন্ধে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়, সরকারি কর্মচারীদের পক্ষে বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ চাকরিসংক্রান্ত নানা বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করছেন। এ ধরনের তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর পরিপন্থি। একইসঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণের শামিল।

এতে আরও বলা হয়, কোনো সরকারি কর্মচারীর পক্ষে বাইরের কেউ অনাকাঙ্ক্ষিত তদবির করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা গ্রহণ করে দাপ্তরিক নথিতে সংরক্ষণ করবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, ‘বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখা হবে। কোনো সিদ্ধান্ত ভুল হয়ে থাকলে, তা পুনর্বিবেচনা করা হবে।’

অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, ডিও লেটারের মাধ্যমে তদবির করার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ নিয়ে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নেবে।

এমএইচ/এএইচ