Dhaka Mail Logo

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ডাচেস সোফি, দেখলেন নারী-শিশুদের মানবিক সংকট

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস। এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের জীবনসংগ্রাম, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় শরণার্থী নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা, জীবনযাত্রা এবং মানবিক সহায়তার বিষয়ে খোঁজখবর নেন।

সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করেন ডাচেস সোফি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান।

পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বিভিন্ন মানবিক কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিদর্শন করেন নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে শরণার্থী নারীদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরকালে ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে তিনি অবহিত হন।

সফরকে কেন্দ্র করে সকাল থেকেই রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পের অভ্যন্তরে দায়িত্ব পালন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বাইরে মোতায়েন ছিল পুলিশ।

Cox2

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বলেন, বিদেশি অতিথির সফর ঘিরে ক্যাম্পের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ক্যাম্পের বাইরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ডাচেস সোফির সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

দিনভর পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন ডাচেস সোফি। তাঁর সফর নির্বিঘ্নে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ডাচেস সোফি। সেখানে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন তিনি।

এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন যুক্তরাজ্যের রাজপরিবারের এই সদস্য।

প্রতিনিধি/জেবি