নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
জাতীয় সংসদের অধিবেশন শুরু হতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানো বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়াকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পয়েন্ট অব অর্ডার তোলার নির্দিষ্ট সময় ও বিধি রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘এখনো তো শুরুই করলাম না, শুধু আপনাদেরকে আসসালামু আলাইকুম দিলাম, এর মধ্যেই আপনি এটা তুলে দিলেন।’
মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান কুমিল্লা-২ আসনে বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া।
এ সময় তাকে সতর্ক করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পয়েন্ট অব অর্ডার শুরুতে নয়, এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার সময় তুলতে হয়।
সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সেলিম ভূঁইয়া বলেন, 'একটু আগে ছাত্রলীগের ক্যাডার, একজন হলুদ সাংবাদিক একটা ভিডিও ছেড়েছেন। সেখানে বলেছেন আপনারা যে সংসদীয় স্থায়ী কমিটি করেছেন, এই কমিটির সুপারিশ করা ছাড়া কোনো এখতিয়ার নাই। সুপারিশ মন্ত্রণালয় রাখতেও পারে, নাও রাখতে পারে। এখন এই ভিডিওটা দিয়ে আমাদের এই সংসদীয় কমিটিকে সে এখানে প্রশ্নবিদ্ধ করেছে।'
বিএনপির এমপি বলেন, 'এটার পেছনে আমাদের কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। এই সংসদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ভিডিওটা করার পেছনে জড়িত থাকতে পারে। আমি আমাদের সচিব মহোদয়কে এটা দিয়েছি। উনি যাতে এটা দেখে, আপনাকে দেখায় এবং এটার জন্য একটা তদন্ত কমিটি করে। এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।'
এ সময় তাকে সতর্ক করে স্পিকার বলেন, 'সংসদের সবকিছু তোলার একটা টাইম আছে। আপনি পয়েন্ট অব অর্ডারে হয়তো তুলেছেন। যখন কোনো প্রশ্ন তুলবেন, প্রথমে দাঁড়িয়ে পয়েন্ট অব অর্ডার কোন বিধিতে সেটা উল্লেখ করবেন। এবং এগুলোরও একটা টাইম আছে। এগুলোর টাইম হলো দিনের কার্যসূচিতে একটি অংশের সমাপ্তি হলে পরবর্তী অংশে যাওয়ার আগে-এই মধ্যবর্তী সময়, সেই সময় পয়েন্ট অব অর্ডার তুলতে হয়।'
স্পিকার বলেন, 'এখনো তো শুরুই করলাম না। শুধু আপনাদেরকে আসসালামু আলাইকুম দিলাম, এর মধ্যেই তো আমি ওয়ালাইকুম আসসালাম শোনার আগেই তো আপনি এটা তুলে দিলেন। এটা পরবর্তী সময়ে বিধিমোতাবেক এক পর্যায় থেকে অন্য পর্যায়ে, এক বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার যে মধ্যবর্তী সময়, সেই সময় তুলতে পারেন। এবং এটা পয়েন্ট অব অর্ডার কি না, কোন বিধিতে-সেটা উল্লেখ করবেন। তখন বিবেচনা করা যাবে।'
এমএইচএইচ/জেবি