Dhaka Mail Logo

জাতীয়

প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার আরও ২ 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরের শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জের মাহফুজ আলী (৩১) ও রংপুরের কোতোয়ালি এলাকার আব্দুল আলিম (৩০)। মাহফুজ ওই প্রতারক চক্রের টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন এবং আব্দুল আলিম গ্রুপের অন্যতম সদস্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিআইডির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ‘Withlocals’-এর ওয়েবসাইট ক্লোন করে প্রতিষ্ঠানটির নামে ভুক্তভোগী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেয় প্রতারক চক্রটি। বিশ্বাস অর্জনের জন্য প্রথমে তাকে ৯০০ টাকা এবং বিভিন্ন সময়ে মোট ৩৪ হাজার টাকা দেওয়া হয়। পরে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী ২০২৫ সালের ১ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

সিআইডি জানিয়েছে, মামলার তদন্তে ‘মাহফুজ আলী ওয়ার্ক’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। ছয় সদস্যের ওই গ্রুপে প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকা তৈরি এবং কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে, তা নির্ধারণ করা হতো বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। 

সিআইডি আরও জানায়, এ মামলায় এর আগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এমআইকে/এএইচ