নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
বগুড়ায় পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তুলতে উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সোমবার (৯ নভেম্বর) বিলটি উত্থাপনের অনুমতি চাইলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ বিষয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, মন্ত্রিসভা গত ২৩ জুলাই বিলটি অনুমোদন করেছিল। প্রায় চার মাস আগে অনুমোদিত বিল সংসদে উত্থাপন করতে এত দেরি হলো কেন, সে প্রশ্ন তোলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, এ বিষয়ে তাকে বিশেষাধিকার প্রয়োগ করতে হয়েছে। সংসদ সদস্যরা যাতে সময়মতো বিল দেখতে পারেন, সে জন্য আগেও একাধিকবার মন্ত্রীকে যথাসময়ে বিল পাঠানোর কথা বলেছেন তিনি। বিল উত্থাপনের অনুমতি দিলেও ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন তিনি।
এর আগে বিলটি উত্থাপনের অনুমতি চেয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, বগুড়া ও এর সন্নিহিত এলাকায় পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠা, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে।
পরে মন্ত্রী বিলটি উত্থাপন করেন। কণ্ঠভোটে এটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব পাস হয়।
এদিন সংসদে তিনটি অধ্যাদেশও উত্থাপন করা হয়। সেগুলো হলো—
১. পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ (অধ্যাদেশ নং-৩৭/২৬);
২. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ (অধ্যাদেশ নং-৩৮/২৬);
৩. বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ (অধ্যাদেশ নং-৩৯/২৬)।
এমএইচএইচ/এআর