নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
দেশে গত ১৮ মাসে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানের সুযোগ ৩৫ শতাংশ কমেছে বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের প্রাইভেট সেক্টরের ঋণ ছাড়, যেটা সর্বকালে গত তিন দশকের মধ্যে সবচেয়ে কমে চলে আসছে। সেটা তিন দশমিক ৪২ শতাংশে চলে আসছে। প্রাইভেট সেক্টরে কোনো ধরনের লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না। এবং আমাদের কর্মসংস্থান ১৮ মাসে হওয়ার কথা ছিল দেড় কোটি। এখন পর্যন্ত আমরা জানি নাই যে আসলে কত পরিমাণ কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং ওভারসিজ কর্মসংস্থান ৩৫ শতাংশ কমে গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই যে এখন আমার বাড়ি, আমার খামার; আওয়ামী লীগের সময়ে এই প্রকল্পটির নাম ছিল একটি বাড়ি, একটি খামার এবং দুই মেয়াদের আমলেই সেটার নাম পরিবর্তন হয়েছে এবং এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’
প্রতিমন্ত্রীর কাছে তিনি প্রশ্ন করেন, ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি এবং ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কি পরিমাণ দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী উৎপাদিত হয়েছে, যারা ন্যাশনাল জিডিপিতে কন্ট্রিবিউট করছে, এই হিসাবটা আছে কি না? এবং যে দুর্নীতিগুলো হয়েছে, এই দুর্নীতিগুলোর পিডির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই বিচারটা কোন জায়গায় রয়েছে, সেটা জানতে চাচ্ছি।’
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম প্রতিমন্ত্রী বলেন, ‘উনি অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে উনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।’
এমএইচএইচ/এসআই