Dhaka Mail Logo

জাতীয়

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় তিন হাজার ৫৪৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৯ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নে এমরান আহমদ চৌধুরীর বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (স্থানীয় সরকার বিভাগ) মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি আমার নির্বাচনী এলাকা সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার অনেক এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। আর্সেনিক ও আয়রন সমস্যাও লক্ষ্য করা যায়। উক্ত এলাকায় কতগুলি নিরাপদ পানি প্রকল্প বর্তমানে চালু রয়েছে এবং পানি সরবরাহ প্রকল্প গ্রহণের পরিকল্পনা কী এবং আর্সেনিকযুক্ত পানি নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের অনুপস্থিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রশ্নের জবাবে বলেন,সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বিশুদ্ধ পানির সংকট দূর করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করার জন্য বর্তমানে তিনটি উন্নয়ন প্রকল্প চালু রয়েছে।

তিনি আরও বলেন, সমগ্র দেশে ‘নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ (জানুয়ারি, ২০২০-জুন, ২০২৮) এর আওতায় বিগত ৬ অর্থ বছরে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় এক হাজার ৬৫০টি পানির উৎস, ১৮টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট এবং বিয়ানীবাজার উপজেলায় এক হাজার ৫০০টি পানির উৎস, ১৮টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ প্রদান করা হয়েছে। তন্মধ্যে, গোলাপগঞ্জ উপজেলায় এক হাজার ৫৬২টি পানির উৎস এবং বিয়ানীবাজার উপজেলায় এক হাজার ৪২০টি পানির উৎস স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ ছাড়া, মানবসম্পদ উন্নয়নে ‘গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’ (প্রস্তাবিত জানুয়ারি, ২০২১-জুন, ২০২৭) এর আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৩৮টি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের কমিউনিটি ভিত্তিক ছোট স্কিম এবং বিয়ানীবাজার উপজেলায় একটি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের বড় স্কিম এবং ৩৮টি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের কমিউনিটি ভিত্তিক ছোট স্কিম স্থাপনের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুননির্মাণে জরুরি সহায়তা প্রকল্প’ (এপ্রিল, ২০২৩-ডিসেম্বর, ২০২৬) এর আওতায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ১৮০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ, ৪০টি ৬নং পাম্পযুক্ত গভীর নলকূপ এবং বিয়ানীবাজার উপজেলায় ২০০টি সাবমারসিবল পাম্পযুক্ত গভীর নলকূপ, ৫০টি ৬নং পাম্পযুক্ত গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করার লক্ষ্যে ৩ লাখ ৫৪ হাজার ৪৭১ দশমিক ৬৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ (নভেম্বর ২০২৬-জুন ২০২৯) শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় গোলাপগঞ্জ উপজেলায় ৪৫৮টি এবং বিয়ানীবাজার উপজেলায় ৪১৬টি পানির উৎসের সংস্থান রয়েছে।

এমএইচএইচ/এফএ