নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে বেতন কাঠামো নিয়ে লিখিত সুপারিশ জমা দিতে মালিকপক্ষকে চার কার্যদিবস সময় দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।
সোমবার (৯ নভেম্বর) বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।
তিনি জানান, ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের কাজ শেষ করে জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি কার্যকর করার বিষয়ে আগেই জানানো হয়েছে। সে অনুযায়ী উভয় পক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। শ্রমিক প্রতিনিধিরা তাদের সুপারিশ জমা দিয়েছেন।
তবে গার্মেন্টস এলাকায় অস্থিতিশীল পরিস্থিতিসহ বিভিন্ন কারণে মালিকপক্ষ সভায় উপস্থিত হতে পারছেন না জানিয়ে লিখিত সুপারিশ জমা দেওয়ার জন্য সাত দিন সময় চেয়েছে। পরে তাদের চার কার্যদিবসের মধ্যে বেতন কাঠামোর সুপারিশ জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে বেতন কাঠামোর সুপারিশ জমা দেওয়ার সময় দিয়েছি। আগামী সভায় যদি তারা তা জমা দিতে ব্যর্থ হন, তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এগিয়ে যাবো। তাদের লিখিত প্রস্তাবের জন্য আর অপেক্ষা করব না।’
একইসঙ্গে দেশের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার বলেন, শ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন যোগ দেওয়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি দাবি করা হয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালের গেজেটে উল্লেখিত পদ ও পদবির মধ্যে অনেকগুলো অপ্রয়োজনীয়। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
কর্মচারীদের জন্য তফসিল-খ অনুযায়ী আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে শ্রমিকপক্ষ। এতে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবুল আক্তার বলেন, শ্রমিকদের ক্ষেত্রে চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা এবং একেবারে নতুন যোগ দেওয়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি দাবি করা হয়েছে।
এম/এএইচ