নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার মহাপরিচালক মো. নুরুল ইসলাম।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এই কূটনীতিক। দীর্ঘ কর্মজীবনে তিনি দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আসাদ আলম সিয়াম। তিনি বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দিল্লিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
এআর