Dhaka Mail Logo

জাতীয়

ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার প্রস্তাব সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

  • জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, জমি নিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি এবং একই জমির দলিল দেখিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধের সুপারিশ করা হয়েছে।
  • ভূমিসেবা ডিজিটাল করা, দুর্নীতি ও দালালের দৌরাত্ম্য বন্ধ এবং ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আধুনিক একাডেমি প্রতিষ্ঠার সুপারিশও করা হয়েছে।

ভূমি সেবায় হয়রানি ও অনিয়ম বন্ধে ভূমি নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ প্রস্তাব করা হয়। কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সদস্য জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর সহকারী পরিচালক (গণসংযোগ) মুহা. শফিউল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সর্বস্তরের বৈষম্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা নির্মাণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় এনে সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ দখলকারীদের অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলাওয়ারি অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজা মূল্য নির্ধারণ এবং দীর্ঘদিন ধরে চলমান মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।

এতে আরও বলা হয়েছে, বৈঠকে কমিটির পক্ষ থেকে একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মতো অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং সিস্টেমে তথ্যের সমন্বিত কর্মপরিকল্পনা নিশ্চিত করার সুপারিশ করা হয়। উপজেলা ও পৌর এলাকা এবং সিটি করপোরেশন এলাকার জন্য ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, স্থাবর সম্পত্তির হস্তান্তরমূল্য বাজারমূল্যের সঙ্গে যৌক্তিকীকরণসহ জমি হস্তান্তরসংক্রান্ত বিভিন্ন ফির পাশাপাশি গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমির মালিকানাসংক্রান্ত গুরুতর সামাজিক সংঘাত নিরসন, ন্যায্য ও স্বচ্ছ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এবং ভূমি প্রশাসন প্রতিষ্ঠা ও নাগরিকবান্ধব ভূমিসেবা সুদৃঢ় করার উদ্দেশ্যে বিদ্যমান প্রচলিত পদ্ধতির ভূমি প্রশাসন ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থায় রূপান্তরিত করার সুপারিশ করা হয়। বাংলাদেশ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক ও স্থায়ী প্রশিক্ষণ একাডেমি স্থাপনের লক্ষ্যে খাসজমি নির্বাচনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

এতে আরও বলা হয়েছে, মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, এসি ল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এআর