Dhaka Mail Logo

জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় সরকারপ্রধান বলেন, গত ৬ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাতে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে মহাসড়কে দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হন। তারা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

নিহতদের মধ্যে চারজন একই পরিবারের। তারা হলেন- সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। 

একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী। এছাড়া মক্কায় কর্মরত কোম্পানির আরেক স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি কন্যাশিশুও নিহত হয়েছে।

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মদিনা থেকে জেদ্দাগামী বাংলাদেশিদের বহনকারী একটি গাড়ি বা বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাত বাংলাদেশির মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১৫ জন।

এএইচ