Dhaka Mail Logo

জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে ভুয়া মন্তব্য প্রচার

ঢাকা মেইল ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

সম্প্রতি, ‘হাসিনার আমলে সবকিছুর দাম অনেক বেশি ছিল, তাই শ্রমিকের ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি চেয়েছি। কিন্তু বিএনপির আমলে সবকিছুর দাম অনেক কম, তাই শ্রমিকের মজুরি বৃদ্ধির প্রশ্নই আসে না।’ এমন মন্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি করেছেন বলে দাবি করে একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি জোনায়েদ সাকি করেননি । প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া বক্তব্যটি জোনায়েদ সাকির প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয় অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ নভেম্বর বহুল আলোচিত দাবিতে ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এ ছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে প্রতীয়মান হয় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে জোনায়েদ সাকির নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া।

সূত্র: রিউমর স্ক্যানার

এফএ